৯ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
‘সিরিয়ায় হামলা হলে রুশ-মার্কিন যুদ্ধ হতে পারে’

সিরিয়ায় মার্কিন সামরিক আগ্রাসন হলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় মার্কিন সামরিক আগ্রাসন হলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন বিশ্লেষক ও ক্রিসেন্ট অ্যান্ড ক্রস সলিডারিটির নেতা মার্ক গ্লেন।

তিনি পরিষ্কার করে বলেছেন, “সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা যে অবস্থান নিয়েছে তাতে দেখা যাচ্ছে ওয়াশিংটন স্পষ্টতই রাশিয়ার দিকে বন্দুকের নল তাক করেছে। এটি যদি চলতেই থাকে তাহলে এক সময় দেখা যাবে আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছি”।

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন মার্ক গ্লেন। একইসঙ্গে তিনি এও বলেন- যদি মার্কিন কংগ্রেস সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন দেয় তাহলে তা হবে বিশ্ব জনমত উপেক্ষা করা এবং তাতে আমেরিকার সমস্ত কৃতিত্ব বিনষ্ট হবে।

গত সপ্তাহে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার ওপর সামরিক হামলা হলে বাশার আসাদ সরকারকে সহযোগিতা করবে মস্কো। তার এ বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষক মার্ক গ্লেন এসব কথা বললেন।