১৩ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
ভূমধ্যসাগরে বিশেষ বাহিনী মোতায়েন করবে রাশিয়া

রাশিয়া বলেছে, ভূমধ্যসাগরে বিশেষ বাহিনী মোতায়েন করবে দেশটি।

বার্তা সংস্থা আবনা : রাশিয়া বলেছে, ভূমধ্যসাগরে বিশেষ বাহিনী মোতায়েন করবে দেশটি।

রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ভিক্টর চিরকভ এ ঘোষণা দিয়ে বলেছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে তার বাহিনীর উপস্থিতি জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

সিরিয়ার ওপর মার্কিন হামলার হুমকিকে কেন্দ্র করে ভূমধ্যসাগরে যখন আমেরিকা ও রাশিয়া বেশ কিছু রণতরী মোতায়েন করেছে তখন এ ঘোষণা দিল রাশিয়া। ইংরেজি ভাষায় প্রচারিত রুশ নিউজ চ্যানেল আরটি এ খবর দিয়েছে।

অ্যাডমিরাল চিরকভ বলেন,রাশিয়া আসলে ‘ভূমধ্যসাগরীয় নৌবহর’ গড়ে তুলবে। এ বাহিনীকে যে দায়িত্ব পালন করতে হবে তা খুবই পরিষ্কার; আর তা হলো,  দেশের প্রতি সামান্যতম হুমকিকে এড়াতে হবে। বিশ্বের সব নৌবহরেরই দায়িত্ব থাকে এটি এবং তারা কোথাও কোনো উত্তেজনা দেখা দিলেই সেখানে উপস্থিত হয়। উপকূল থেকে দূরে অবস্থিত নৌ অঞ্চলে অপারেশনাল কমান্ড বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে।

রুশ নৌবাহিনীর প্রধান বলেন, বিশ্বের মহাসাগরগুলোর উপকূলীয় অঞ্চলগুলোতে বর্তমানে রাশিয়ার ৮০টি রণতরী এবং নৌবাহিনীর ততপরতায় সহায়তাকারী জাহাজ মোতায়েন রয়েছে।

অ্যাডমিরাল ভিক্টর চিরকভ বলেন, শান্তির সময়ে সামরিক সেবা দেয়া এবং রুশ ফেডারেশনের স্বার্থ রয়েছে এমন সব সামরিক-রাজনৈতিক উত্তেজনাপূর্ণ এলাকায় নৌ উপস্থিতি অব্যাহত রাখাই  রুশ নৌবাহিনীর প্রধান দায়িত্ব।