বার্তা সংস্থা আবনা : সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সমাজের কাছে হস্তান্তরের রুশ পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অধিকৃত বাইতুল মোকাদ্দাসে (জেরুজালেমে) রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাতে এ সমর্থন জানান নেতানিয়াহু। ইহুদীবাদী প্রধানমন্ত্রী কেরিকে বলেন, “সিরিয়াকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার জন্য আপনাদের চেষ্টাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এর প্রতি আমাদের সমর্থন রয়েছে।
সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তরের বিষয়ে শনিবার রাশিয়া এবং আমেরিকার মধ্যে সমঝোতা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে তিনদিনের আলোচনা শেষে ওই সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী,সিরিয়ার সরকার তার রাসায়নিক অস্ত্রের বিস্তারিত তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে সরবরাহ করবে। এছাড়া, আগামী ২০১৪ সালের মধ্যে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে।
জেনেভায় অর্জিত ওই সমঝোতার খবর নিজ প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানোর আগেই ইসরাইলি প্রধানমন্ত্রীকে জানানোর তাগিদ অনুভব করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ কারণে জেনেভা থেকে ওয়াশিংটন যাওয়ার আগে জেরুজালেমে ছুটে যান তিনি। এ সমঝোতার ফলে যে ইসরাইলের শত্রু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কোনভাবেই লাভবান হননি(?) তা বোঝানোর চেষ্টা করেন কেরি।
নেতানিয়াহুকে আশ্বস্ত করে জন কেরি বলেন, সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে থাকা সব রাসায়নিক অস্ত্র ধ্বংস না করা পর্যন্ত দেশটির ওপর সামরিক হামলার হুমকি বজায় থাকবে। সাক্ষাতে বর্ণবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার হুমকির কারণেই জেনেভা সমঝোতা অর্জিত হয়েছে। এ সময় তিনি জন কেরিকে পরবর্তী করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
এর আগে রোববার সকালে ইসরাইলি গণমাধ্যমগুলো মন্তব্য করেছিল, মার্কিন প্রশাসন মস্কোর সঙ্গে সমঝোতার মাধ্যমে সিরিয়ার বিদ্রোহীদের বিক্রি করে (সিরিয়ার প্রেসিডেন্ট) বাশার আসাদকে বাঁচিয়ে দিয়েছে।