১৬ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
ইরানে হামলার জন্য প্রস্তুত আমেরিকা: ওবামা

ইসলামি প্রজাতন্ত্র ইরানে হামলার জন্য মার্কিন বাহিনী এখনো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানে হামলার জন্য মার্কিন বাহিনী এখনো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সিরিয়ায় সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এলেও ইরানের পরমাণু কর্মসূচির জন্য আমেরিকা দেশটির বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

ওবামা বলেন, “ইরানি জনগণকে বুঝতে হবে যে, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ইস্যুর চেয়ে ইরানের পরমাণু ইস্যুটি অনেক বড় এবং পরমাণু শক্তিধর ইরান হচ্ছে ইসরাইলের জন্য অনেক বেশি হুমকি আর ইসরাইল হচ্ছে আমাদের স্বার্থের প্রাণকেন্দ্র।” এবিসি রেডিও’র সঙ্গে এক সাক্ষাতকারে ওবামা এসব কথা বলেছেন। গতকাল (রোববার) তার ওই সাক্ষাতকার সম্প্রচার হয়।

ওবামা বলেন, “আমার ধারণা- ইরানের জনগণ মনে হয় বুঝতে পারেনি আমরা সিরিয়ায় হামলা করিনি এর মানে এই নয় যে, ইরানে হামলা করব না।”

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছান। তার আগেই ওবামা এ মন্তব্য করেছেন।