১৬ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
অতশত বুঝি না, সিরিয়ায় হামলা চালান: সৌদি মন্ত্রিসভা

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংস নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কে হামলা চালানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংস নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কে হামলা চালানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। সোমবার সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত দেশটির মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। সৌদি মন্ত্রিসভার এ বিবৃতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশ করেছে।

দামেস্কের ওপর হামলা বন্ধে রাশিয়া এবং আমেরিকার যে চুক্তি করেছে এ বিবৃতিতে পরোক্ষভাবে তার সমালোচনার করা হয়।

বিবৃতিতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের দিকেই কেবল দৃষ্টি না দিয়ে হামলার বিষয়টি মাথায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়। এ ছাড়া,  বিবৃতিতে সিরিয়ার তাকফিরি বিদ্রোহীরা যেন দেশটির সরকারি বাহিনীর হামলা প্রতিহত করতে পারে সে  জন্য আন্তর্জাতিক সমর্থন আরো জোরদার করার আহ্বান জানানো হয়।

এ আহ্বানের মধ্য দিয়ে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী  যে উত্তরোত্তর সাফল্য অর্জন করছে পরোক্ষভাবে সে বিষয়টি স্বীকার করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সিরিয়ার তাফকিরি বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ সমর্থন দিচ্ছে সৌদি আরব। এর আগে আমেরিকাকে দেশটির বিরুদ্ধে হামলার আহ্বান জানিয়েছে রিয়াদ। সিরিয়ায় হামলার সব খরচ বহনেরও দায়িত্ব নেয় রিয়াদ। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হলেও সৌদি আরবের কাছ থেকে  হামলার প্রয়োজনীয় খরচ এরইমধ্যে নিয়ে নিয়েছে ওয়াশিংটন।