২৬ সেপ্টেম্বর ২০১৩ - ২০:৩০
‘পারবে না বলেই ওবামা বলছে-করতে চাই না’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ইউনিটের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি বলেছেন, আমেরিকা কখনোই ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে না।

বার্তা সংস্থা আবনা : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ইউনিটের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি বলেছেন, আমেরিকা কখনোই ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেছেন।

বারাক ওবামা বলেছিলেন, ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে উতখাত করতে চায় না আমেরিকা। জেনারেল সুলাইমানি এর জবাবে বলেছেন, ইরানের ইসলামী ব্যবস্থাকে উতখাত করতে চায় না বলে মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন, তা তিনি সদয় হয়ে দেননি বরং এটা করার ক্ষমতা তাদের নেই। তিনি আরো বলেন, আমেরিকা সব সময় ইরানের ইসলামী সরকারকে উতখাতের চেষ্টা করেছে। কিন্তু তারা এ কাজে সফল হয়নি এবং সফল হতেও পারবে না।

জেনারেল সুলাইমানি বলেন, গত ৩৫ বছর ধরে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য পদক্ষেপগুলো নিয়েছে। সে ইতিহাস ইরানিদের স্মৃতি থেকে মুছে যাবে না। তিনি বলেন, ওষুধ কেনার ক্ষেত্রেও ইরানের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে ওয়াশিংটন।