বার্তা সংস্থা আবনা : আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের বাগাম্বর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ কোনো ব্যবস্থাই বাতিল করা হয়নি।
আমেরিকা সফররত ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আজ (সোমবার) হোয়াইট হাউজে এক বৈঠকে ওবামা এসব কথা বলেছেন।
তিনি আরো বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের ক্ষেত্রে তেহরানের কথাই যথেষ্ট নয়; কাজের মাধ্যমে তেহরানকে আন্তর্জাতিক সমাজের কাছে আস্থা অর্জন করতে হবে।
ওবামা বলেন, “আমরা সর্বোচ্চ বিশ্বাস করি ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার কারণে এখন তারা আলোচনায় বসতে আগ্রহী হয়ে উঠেছে এবং তাদের ইচ্ছা যাচাই করে দেখতে হবে আমাদের।” ওবামা ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আশ্বস্ত করে বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় আমরা চোখ-কান খোলা রাখব এবং ইসরাইলসহ সব বন্ধু ও মিত্র দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করেই আলোচনা করা হবে।
বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরাইল চায় ইরানকে পুরোপুরি পরমাণু শক্তি থেকে বিরত রাখতে। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে কার্যকরী সামরিক হুমকি এবং নিষেধাজ্ঞা দেয়ার কারণে তেহরানে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে। যুদ্ধবাজ নেতানিয়াহু প্রেসিডেন্ট ওবামাকে বলেন, ইরান যদি পরবর্তী আলোচনার পরও পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে তাহলে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শক্ত করতে হবে।
গত ২৭ সেপ্টেম্বর ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম বার্ষিক অধিবেশনে যোগদানের পর দেশে ফেরার উদ্দেশ্যে নিউ ইয়র্ক বিমানবন্দরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ফোন কল পান। এ সময় দু’নেতা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার মতপার্থক্য দ্রুত অবসানের ওপর জোর দেন। এছাড়া, আঞ্চলিক নানা ইস্যুতেও সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এর চারদিনের মাথায় ওবামা ও নেতানিয়াহু এসব কথা বললেন।