৬ অক্টোবর ২০১৩ - ১৯:৫৫
লিবিয়া ও সোমালিয়ায় মার্কিন কমান্ডো হামলা

মার্কিন কমান্ডোরা লিবিয়া এবং সোমালিয়ায় আলাদা দু'টি হামলা চালিয়েছে। তারা লিবিয়ায় হানা দিয়ে আল-কায়েদার এক নেতাকে অপহরণ করেছে।

বার্তা সংস্থা আবনা : মার্কিন কমান্ডোরা লিবিয়া এবং সোমালিয়ায় আলাদা দু'টি হামলা চালিয়েছে। তারা লিবিয়ায় হানা দিয়ে আল-কায়েদার এক নেতাকে অপহরণ করেছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আনাস আল-লিবি নামের এ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। কেনিয়া এবং তানজানিয়ার মার্কিন দূতাবাসে ১৯৯৮ সালে বোমা হামলার সঙ্গে আল-লিবি জড়িত বলে মার্কিন সূত্র থেকে দাবি করা হয়।

আল-লিবির আত্মীয় স্বজনরা বলেছেন, তাকে শনিবার খুব ভোরে ধরে নিয়ে যাওয়া হয়েছে। নিজ বাসভবনের সামনে গাড়ি পার্ক করার সময় তিনটি গাড়ি এসে তাকে ঘিরে ধরে। আল-লিবির গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে ফেলা হয় এবং তার আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়া হয়; এরপর তাকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার ভাই নাবিহ্‌। আল-লিবির স্ত্রীও এ হামলার ঘটনাটি দেখতে পেয়েছেন এবং অপহরণকারীরা দেখতে বিদেশি ‘কমান্ডো’দের মতো বলে তিনি জানিয়েছেন।

লিবিয়া সরকার এ কমান্ডো হামলার বিষয়ে জানতো বলে আমেরিকার এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন টিভি চ্যানেল সিএনএন  দাবি করেছে। অবশ্য কোন্‌ মার্কিন কমান্ডো গোষ্ঠী এ হামলায় অংশ নিয়েছে তা জানানো হয়নি।  

এদিকে, সোমালিয়ার হামলায় মার্কিন নৌ কমান্ডো বাহিনী ‘সিল’ অংশ নিয়েছে। দেশটির বারাভি বন্দরে শনিবার খুব ভোরে এ হামলা চালানো হয়। আশ-শাবাব জঙ্গি গোষ্ঠীর এক নেতাকে লক্ষ্য করে এ অভিযান চালানো হলেও  শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। আশ-শাবাবের এ নেতার নাম আহমেদ আবদি গোদান বলে কোনো কোনো পশ্চিমা সংবাদ মাধ্যম দাবি করেছে।

কেনিয়ায় রাজধানী নাইরোবির বিপণী বিতান ওয়েস্টগেটে সাম্প্রতিক হামলার সঙ্গে গোদান জড়িত বলে ধারণা করা হয়। ওই হামলায় অন্তত ৬৭ ব্যক্তি নিহত হয়েছে।