বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলও বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের ওপর গোয়েন্দা তত্পরতা চালিয়ে আসছে এবং এ ব্যাপারে ইসরাইলি ও মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে গোপন চুক্তি রয়েছে বলে খবর বেরিয়েছে।
অবশ্য ইসরাইল আমেরিকার ওপরও গোয়েন্দা ততপরতা চালায় বলে ওই খবরে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে কুয়েতি দৈনিক আল জারিদা জানিয়েছে, দখলদার ইসরাইল মধ্যপ্রাচ্যের নেতাদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং এ কাজে যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহারের চেষ্টা করছে।
তিনি আরো বলেছেন, ইসরাইল যেসব গোপন যন্ত্র ও সিস্টেম ব্যবহার করছে সেগুলো মার্কিন যন্ত্র ও সিস্টেমগুলোর কাছাকাছি।
ফরাসি দৈনিক লা মান্ডে গত সপ্তাহে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা নিরাপত্তা সংস্থা ফরাসি গোয়েন্দা সংস্থাকে বলেছে, ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিজি প্রাসাদের যোগাযোগ-ব্যবস্থায় আমেরিকা ও তার চার ঘনিষ্ঠ মিত্রের কোনো (গোপন) পর্যবেক্ষণ নেই, তবে ইসরাইল এ ধরনের ততপরতা চালিয়ে থাকতে পারে।
গত সেপ্টেম্বর মাসে ব্রিটেনের গার্ডিয়ান জানিয়েছিল যে আমেরিকা ইসরাইলের কাছে জনগণের অরক্ষিত বা খোলামেলা বার্তাগুলো পাঠাচ্ছে এবং তাতে মার্কিন নাগরিকদের বার্তাও রয়েছে।