আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল-আরাবিয়া চ্যানেল জানিয়েছে, পাকিস্তান তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদের নিহত হওয়ার সংবাদ সত্যায়িত করেছে তালেবান। গত শুক্রবার (১ অক্টোবর) পাকিস্তানে চালানো মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন।
বিবিসিসহ অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ৪ ব্যক্তি নিহত হয়েছে। মিরানশাহ শহর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে এ হামলা চালানো হয়। এ অঞ্চলটি তালেবানের সাথে সম্পৃক্ত দলগুলোর সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে বিবেচিত।
ইতিপূর্বে ড্রোন হামলা বন্ধের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি দাবী জানিয়েছিলেন।
এদিকে পাকিস্তান তালেবানের প্রধান নিহত হলেও কিছুদিনের মধ্যেই তালেবানের অন্যতম নেতা মোল্লা বারাদারকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান সরকার। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় রেখে তাকে মুক্তি দেওয়া হচ্ছে।