১২ নভেম্বর ২০১৩ - ২০:৩০
একি কথা শুনি আজ মন্থরার মুখে?

মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজ ইরানের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে দেশটির সিনেটরদের সতর্ক করে দিয়েছে।

বার্তা সংস্থা আবনা : মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজ ইরানের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে দেশটির সিনেটরদের সতর্ক করে দিয়েছে।

হোয়াইট হাউজ বলেছে, সিনেটররা যদি কূটনৈতিক পন্থাকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করেন তাহলে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সামরিক শক্তি ব্যবহার ছাড়া অন্য কোনো উপায় প্রেসিডেন্ট বারাক ওবামার থাকবে না। কিন্তু "আমেরিকার জনগণ আর কোনো যুদ্ধ চায় না।"

হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্‌নে মঙ্গলবার ওয়াশিংটনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কার্‌নে বলেন, কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সংকট সমাধানে ব্যর্থ হলে ওবামা প্রশাসনের সামনে হাতেগোনা কয়েকটি ব্যবস্থা বাকি থাকবে, এগুলোর মধ্যে সামরিক শক্তি অন্যতম।

এর আগে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, দ্বিধাবিভক্ত সিনেটররা ইরানের বিরুদ্ধে যে নয়া নিষেধাজ্ঞা দিতে চান তার ফলে ইরানি আলোচক দল ক্ষুব্ধ হতে পারে। এ ছাড়া, এর ফলে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতার বিরোধী ইরানি রক্ষণশীলরা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরতে পারবেন।

হোয়াইট হাউজের মুখপাত্র আরো বলেন, "আমেরিকার জনগণ যথার্থ ও বোধগম্য কারণে এমন একটি শান্তিপূর্ণ সমাধান চায় যার ফলে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা যাবে। ইরানের সঙ্গে চলমান আলোচনায় যদি আলোচ্য চুক্তিটি স্বাক্ষরিত হয় তাহলে তা হবে ওই আশা বাস্তবায়নের ক্ষেত্রে একধাপ অগ্রগতি।" জে কারনে বলেন, "এর বিকল্প হচ্ছে সামরিক ব্যবস্থা।" কিন্তু আমেরিকার জনগণ তা চায় না বলে সে পথে হাটতে চান না ওবামা।