আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সামান্য ব্যবধানে ৩টি বোমা বিস্ফোরণে প্রকম্পিত পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহর। গত বুধবার রাতের শেষাংশে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৩টি বোমার বিস্ফোরণ ঘটে।
প্রথম বিস্ফোরণ : শহরের ‘সারকি’ সড়কে অবস্থিত ‘পার ইন্ডাস্ট্রিয়াল’ এলাকায় থানার পাশে একটি অটোরিক্সায় ঘটে প্রথম বিস্ফোরণটি। এতে অটোরিক্সা চালক নিহত এবং অপর ৪ জন আহত হয়।
দ্বিতীয় বিস্ফোরণ : প্রথম বিস্ফোরণটির কয়েক মিনিট পরে একই অঞ্চলে একটি সরকারি ভবনের সামনে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে এতে ৮ ব্যক্তি আহত হয়।
তৃতীয় বিস্ফোরণ : প্রথম দু’টি বিস্ফোরণের কয়েক মিনিট পার না হতেই ‘মোতি রাম’ অঞ্চলের বাজারে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে এক ব্যক্তি নিহত এবং অপর ৭ জন আহত হয়েছে।
এ বিস্ফোরণে ঘটনাস্থলের পাশে পার্করত গাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া পার্শ্ববর্তী ভবনসমূহের কাঁচও ভেঙ্গে যায়। চিকিত্সক সূত্র জানিয়েছে আহতদের অধিকাংশের অবস্থা আশংকাজনক।
কোয়েটা পুলিশের তদন্ত বিভাগের অফিসার ‘মুবিন আহমাদ’ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন : একই স্টাইলে তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং বিস্ফোরক দ্রব্যসমূহকে রাস্তার পাশে ড্রেনে রাখা হয়েছিল।
বালুচিস্তানে অপর কিছু ঘটনা
এদিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বেলুচিস্তান রাজ্যের খাযদার অঞ্চলের একটি বেসরকারী স্কুলে গ্রেনেড নিক্ষেপ করে হামলা চালিয়েছে। বলা হচ্ছে যে, বিগত কয়েকদিন ধরে বেসরকারী স্কুলের প্রধান শিক্ষকগণকে হুমকি দিয়ে বেশ কয়েকটি বার্তাও পাঠানো হয়েছিল। এ কারণেই একটি স্কুলে বিস্ফোরণ ঘটার পরপরই অন্যান্য স্কুলও বন্ধ করে দেয়া হয়। তবে এ ঘটনায় কোন ব্যক্তি হতাহত হয়নি।
দূর নিয়ন্ত্রিত দু’টি বোমা নিস্ক্রিয় করলো পাকিস্তান পুলিশ
বেলুচিস্তান রাজ্য হতে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, পাকিস্তান পুলিশ দু’টি দূর নিয়ন্ত্রিত বোমা নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে। বোমা দু’টির প্রতিটির ওজন প্রায় ৩০ কিলোগ্রাম। বোমাগুলোকে ডেরা মুরাদ জামালি অঞ্চলে অবস্থিত একটি রেস্টুরেন্টের পাশে একটি গাড়ীতে পেতে রাখা হয়েছিল।
এদিকে মরমর পাথর বহনকারী কয়েকটি ট্রাকের উপর গুলি চালিয়েছে রাজ্যের ‘দালবাদিন’ অঞ্চলের সড়কে ওঁত পেতে থাকা সশস্ত্র ব্যক্তিরা। সীমান্তরক্ষীদের সাথে গুলি বিনিময়ের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এছাড়া সশস্ত্র সন্ত্রাসীরা সীমান্তবর্তী ‘নাল’ নামক ক্যাম্পে হামলা চালিয়েছে। তারা এ সময় একজন সৈন্যকে হত্যা করে তার ক্লাশিনকোভ নিয়ে দ্রুত পালিয়ে যায়।