৮ ডিসেম্বর ২০১৩ - ২০:৩০
সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে ওবামা মিথ্যা বলেছিলেন

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিথ্যা বলেছিলেন। এ কথা বলেছেন মার্কিন খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক সিমুর হার্শ।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিথ্যা বলেছিলেন। এ কথা বলেছেন মার্কিন খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক সিমুর হার্শ।

তিনি বলেছেন, “গত আগস্ট মাসে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে যে রাসায়নিক হামলার কথা বলা হয়েছে সে বিষয়ে পুরো গল্প বলেননি ওবামা।”

পুলিতজার পুরস্কারপ্রাপ্ত এ সাংবাদিক বলেন, “প্রেসিডেন্ট ওবামার প্রশাসন জানত যে, সিরিয়ার সরকারের বিরুদ্ধে যেসব গেরিলা যুদ্ধ করছে তাদের রাসায়নিক হামলা চালানোর ক্ষমতা আছে কিন্তু কখনই তা জনগণকে জানানো হয়নি।” লন্ডন রিভিউ অব বুক্‌স-এ তার এ রিপোর্ট ছাপা হয়েছে।

তিনি এতে বলেছেন, “ওবামা পুরো গল্প বলেননি যখন তিনি এই শরতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাজধানী দামেস্কের কাছে গত ২১ আগস্ট রাসায়নিক হামলার জন্য দায়ী করার চেষ্টা করেন।” তিনি তার রিপোর্টে উদাহরণ হিসেবে বলেছেন, কতকগুলো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য চেপে গেছেন ওবামা আবার কতকগুলো অনুমানকে তিনি সত্য ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

সাংবাদিক হার্শ বলেন, ওবামা এ কথা বেমালুম চেপে গেছেন যে, আল-কায়েদার সহযোগী সিরিয়ার আন-নুসরা ফ্রন্টই সারিন গ্যাস তৈরির আসল হোতা।  সারিন গ্যাস হচ্ছে এক ধরনের রাসায়নিক গ্যাস যা রাজধানী দামেস্কের কাছে রকেট হামলার মাধ্যমে ব্যবহার করা হয়েছে বলে জাতিসংঘ তদন্তকারীদল প্রমাণ পেয়েছে। অথচ প্রেসিডেন্ট ওবামা ১০ সেপ্টেম্বরের ভাষণে আসাদ সরকারকে দায়ী করেন।