১৩ ডিসেম্বর ২০১৩ - ২০:৩০
আদরা শহরে সৌদি আরবের ২২ সন্ত্রাসী নিহত

আদরা আল-আম্মালিয়া অঞ্চলে বিদ্রোহী সন্ত্রাসীদের স্থাপনায় হামলা চালিয়ে ২২ জন সৌদি সন্ত্রাসীকে হত্যা করেছে সিরীয় সেনাবাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার আদরা আল-আম্মালিয়া শহরে অবস্থিত ‘জাইশুল ইসলাম’ ও ‘জিবহাতুন নুসরাহ’র স্থাপনায় হামলা চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। এ হামলায় ২২ জন সশস্ত্র সৌদি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।

সংবাদ বিষয়ক ওয়েব সাইট হাদাস নিউজ শুক্রবার এ তথ্য দিয়ে লিখেছে : এর মাধ্যমে শহরটির উপর সর্বশেষ হামলার ঘটনায় সৌদি আরবের জড়িত থাকার বিষয়টিকে আরো জোরদার হল। কেননা এ দলটির নেতৃত্বে রয়েছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট ‘যাহরান আলুশ’।

ইতিমধ্যে সিরিয় বাহিনী এদেশের জাতীয় প্রতিরক্ষা বাহিনী’র সহযোগিতায় আদরা আল-আম্মালিয়া শহরকে সন্ত্রাসীদের কবল হতে মুক্ত করতে ব্যাপক অভিযান শুরু করেছে। সন্ত্রাসীরা ২ দিন পূর্বে শহরটির উপর নিয়ন্ত্রণ লাভ করেছে।

সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঐ শহরের ৫০ জন বাসিন্দার শিরোচ্ছেদ করে। অতঃপর কাটা ঐ মাথাগুলো শহরের প্রসিদ্ধ বাজার ‘আস-সাবত’-এ ঝুলিয়ে দিয়েছে।

হাদাস নিউজের বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, জিবহাতুন নুসরাহ’র সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি আদরা আল-আম্মালিয়া শহরের মেয়রও। তারা সিটি মেয়র ‘আবু আদনান’-কে হত্যা করে তার মাথাও শহরের বাজারে ঝুলিয়ে রেখেছে।

প্রায় এক লক্ষ বাসিন্দার এ শহরটিতে সুন্নি, আলাভি, দারওয়াজি সম্প্রদায় ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বসবাস করে। আল-কায়েদার সাথে সম্পৃক্ত জাইশুল ইসলাম ও জিবহাতুন নুসরাহ সন্ত্রাসী বাহিনী’র এ শহরের ওপরও হামলা চালিয়ে গণহত্যার আরো একটি নজীর স্থাপন করেছে।

সিরিয়ার এক সরকারী কর্মকর্তা জানিয়েছেন, গত বুধবার ভোরে আন-নুসরাহ’র অধিক সংখ্যক সদস্য আদ-দামির সিটি হতে আদরা আল-আম্মালিয়ায় প্রবেশের তথ্য আমাদের হস্তগত হয়েছে।

সন্ত্রাসীরা মাযহাব ও সম্প্রদায় ভেদে এ শহরের প্রায় ২০০ ব্যক্তিকে আটক করে, তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে তারা গলাকেটে হত্যা করেছে। নিহতদের মাঝে নারী ও শিশুও রয়েছে। এছাড়া তারা কয়েকটি পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে বলে সূত্রটি জানিয়েছে।