বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রাজাতন্ত্র ইরানের ওপর আরো চাপ সৃষ্টি করার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য তিনি এ চাপ বাড়ানোর আহ্বান জানান।
নেতানিয়াহু বলেছেন, “যতক্ষণ পর্যন্ত কথার পরিবর্তে কাজ না দেখছি ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সমাজের উচিত চাপ আরো বাড়ানো।”
গত সপ্তাহে ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের চারদিনের বৈঠক শেষ হওয়ার পর নেতানিয়াহু এ কথা বললেন। অবশ্য, নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবসময় ইরানের বিরুদ্ধে এমন কথাই বলে আসছেন।
গত ২৪ নভেম্বর জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। ওই চুক্তির পরপরই নেতানিয়াহু তার বিরুদ্ধে বিষোদগার করেছেন এবং একে ঐতিহাসিক ভুল বলে উল্লেখ করেন।