আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার (১৫ই ডিসেম্বর) ঘোষণা করেছে ২৪ ঘন্টায় আফগানিস্তানের হায় কানার, নাঙ্গারহার, লাগমন, জাওযজান, গজনী, খুস্ত ও হোলমান্দ প্রদেশে দেশের নিরাপত্তা, পুলিশ ও সামরিক বাহিনী’র যৌথ অভিযানে ২৩ জন তালেবান বিদ্রোহী নিহত এবং ২১ জন গ্রেফতার হয়েছে। এ সকল অভিযানে আহত হয়েছে ৫ তালেবান বিদ্রোহী।
এ দেশের অন্যান্য অঞ্চলকে তালেবান বিদ্রোহীদের কবল থেকে মুক্ত করতে অভিযান অব্যাহত থাকার কথা উল্লেখ করে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে : এ অভিযানসমূহে যৌথ বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক হাল্কা ও ভারী অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনের আরো উল্লেখ করা হয়েছে, ফারিয়াব প্রদেশ হতে দু’টি পেতে রাখা বোমা চিহ্নিত ও নিস্ক্রীয় করতে পেরেছে সরকারী বাহিনী।
এ সকল বোমা মূলতঃ বেসামরিক লোকদের হত্যার উদ্দেশ্যে পাতা হয়েছিল -এ কথা উল্লেখ করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে : রাস্তার পাশে বোমা পেতে রাখা বর্তমানে আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে সন্ত্রাসী হামলা ও অপহরণের অভিযোগে দেশের কাবুল, নীমরুয, পাকতিয়া, লোগার ও হেরাত প্রদেশ হতে ৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আগামী বছরের শুরুর দিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির পুলিশ, নিরাপত্তা ও সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে।