২৮ ডিসেম্বর ২০১৩ - ২০:৩০

রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারী ও বাণিজ্যিক ভবনের পাশে শক্তিশালী গাড়ী বোমার বিস্ফোরণে দেশটির এক রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল-আরাবিয়া নিউজ চ্যানেল নিজস্ব সূত্র মারফত জানিয়েছে, শক্তিশালী এক গাড়ী বোমার বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে লেবাননের রাজধানী বৈরুত।

ঐ চ্যানেল হতে প্রচারিত প্রতিবেদনে দেখানো হয়েছে যে, বৈরুতের ভেনিসিয়া হোটেলের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ‘রাফিক হারিরী’কে হত্যার স্থান হতে অল্প দূরত্বে হোটেলটির অবস্থান।

হোটেলটি ‘স্টারকো’ ভবনের পাশেই অবস্থিত; যে ভবনে লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে এবং রাফিক হারিরীর হত্যার স্থান হতে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত।

লেবাননের মুস্তাকবাল টিভি চ্যানেলও একটি গাড়ীতে আগুন লাগা ও বিস্ফোরণে নিহতদের ভিডিও চিত্র প্রদর্শন করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এ সকল বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণ স্থল হতে ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী’র সদস্য ও হাসপাতালকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।