৩১ ডিসেম্বর ২০১৩ - ২০:৩০
বোকো হারামের ৫৬ জঙ্গী নিহত

নাইজেরিয়া সেনাবাহিনী জানিয়েছে, বোকো হারামের বিরুদ্ধে সরকারী বাহিনীর স্থল ও আকাশ পথে চালানো অভিযানে অন্তত ৫৬ জঙ্গী নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নাইজেরিয়া সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সামরিক বাহিনী’র সদস্যদের সাথে গত শনিবার বোকো হারাম জঙ্গীদের ‘আলাফা’ নামক জঙ্গলে এক সংঘর্ষে অন্তত ৫৬ জঙ্গী নিহত হয়। এ সংঘর্ষে দুই জন সরকারী সৈন্যও আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে প্রতিবেদনে উল্লেখিত সংখ্যার সত্যতার বিষয়টি এখনও সমর্থন করেনি বোকো হারাম। নাইজেরিয়া সেনাবাহিনী সাধারণত বোকো হারামের নিহত জঙ্গীদের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে অধিক উল্লেখ করে থাকে। দেশটির সরকার বিরোধী এ দলটি দীর্ঘ সাড়ে চার বছর যাবত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুলদাক জোনাথান গত বছরের মে মাস থেকে দেশের উত্তর-পূর্ব অঞ্চলের ৩টি প্রদেশে জরুরী অবস্থা জারী করে বোকো হারাম বিদ্রোহীদেরকে দমনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেন। বোকো হারাম বর্তমানে আফ্রিকার সর্বাধিক তেল উত্পাদনকারী দেশ নাইজেরিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি।

বিগত সপ্তাহগুলোতে বোকো হারামের জঙ্গীদের বিরুদ্ধে সেনাবাহিনী’র হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সাড়ে চার বছর যাবত বিদ্যমান অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে ব্যর্থতা, বোকো হারাম জঙ্গীদের সাথে সংঘর্ষ এবং জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বর্তমানে প্রেসিডেন্ট জোনাথান এদেশের বিরোধী দলসহ পশ্চিমা বিভিন্ন দেশ ও গণমাধ্যমের তুমুল সমালোচনার মুখে পড়েছেন। জোনাথান দেশের উত্তর-পূর্ব অঞ্চলীয় ৩টি প্রদেশে জরুরী অবস্থা আরো ৬ মাস বৃদ্ধি করেছেন।