১ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
পাকিস্তানে ৮ শিয়ার মর্মান্তিক শাহাদাত + ছবি

হযরত মহানবী (স.) এর ওফাত এবং ইমাম হাসান মুজতাবা (আ.) এর শাহাদাত বার্ষিকীতে তাকফিরী সন্ত্রাসীরা পাকিস্তানের নির্যাতিত শিয়াদের উপর হামলা চালিয়ে তাদের ৮ জনকে নির্মমভাবে হত্যা করে আরো একবার তাদের হিংস্রতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের করাচীতে দেশটির শিয়াদের সর্ববৃহত রাজনৈতিক-ধর্মীয় দল মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের নেতাদেরকে বহনকারী ট্যাক্সিতে মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীদের উপর্যপুরি গুলি বর্ষণে ৩ জন শহীদ এবং ২ ব্যক্তি আহত হয়েছেন।

আঞ্চলিক নির্বাচনে মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দিতার লক্ষ্যে নির্বাচনী প্রচারণার প্রয়োজনীয় কাজ সেরে বাড়ী ফিরছিলেন ‘সাফদার আব্বাস’ ও ‘মুহাম্মাদ আলিম আরাফ’। এ সময় ২টি মোটর সাইকেলযোগে আসা ৪ সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর গুলি চালায়।

হামলায় সাফদার আব্বাস (৪৫) মুহাম্মাদ আলীম আরাফ (২৪) এবং ট্যাক্সি চালক সৈয়দ আলী শাহ (৫০) গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

কিন্তু তাদের ৩ জনের কাউকেই বাঁচানো যায়নি। এদিকে ঘটনাস্থলের পাশে থাকা অপর দুই ব্যক্তি এ হামলায় আহত হয়েছেন। হামলার পর বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে হামলার নিন্দায় বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে একটি স্টুডিওতে তাকফিরী সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন ঐ স্টুডিওর মালিক। ‘মেহরান আলী’ প্রত্যেকদিনের মত তার স্টুডিওতে কাজে ব্যস্ত ছিলে এ সময় তাকফিরী সন্ত্রাসীরা তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ী গুলি চালায়। হামলায় তিনি ঘটনাস্থলেই শহীদ হন। ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পাকিস্তান হতে আবনা প্রতিবেদক জানিয়েছেন, গত সোমবার (৩০শে ডিসেম্বর, ২০১৩) দেশের রাওয়ালপিণ্ডির একটি ইমামবাড়ীতে তাকফিরী সন্ত্রাসীদের হামলায় ২ জন পুলিশ অফিসার শহীদ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ২ ব্যক্তি।

ঐ দুই পুলিশ অফিসার ‘ডাক সিদান’ অঞ্চলে অবস্থিত ‘কাসরে শাব্বির’ ইমামবাড়ীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাকফিরী অস্ত্রধারীরা তাদের উপর এলোপাতাড়ী গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করে। এ হামলায় ঐ দুই পুলিশ অফিসার ঘটনাস্থলেই শহীদ হন এবং অপর দুই ব্যক্তি আহত হয়েছেন।

গত সোমবার ডের ইসমাইল খান অঞ্চলে তাকফিরী সন্ত্রাসীদের অপর হামলায় আহলে বাইত (আ.) এর দুই জন অনুসারী শহীদ হয়েছেন। ‘কায়েস রেজা’ (১৮) ও ‘মুলাযিম হুসাইন’ (৪৫) নামক ২ শিয়া মুসলিম ডের ইসমাইল খান এলাকায় তাকফিরীদের হামলার শিকার হয়ে শহীদ হয়েছেন।