বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মুহাম্মদ আলী মোভাহহেদি কেরমানি বলেছেন, আমেরিকা হচ্ছে বড় শয়তান। পরমাণু আলোচনার ক্ষেত্রেও দেশটির বিষয়ে বেশি সতর্কতা জরুরি। আজ তেহরানে জুমার নামাজের খোতবায় তিনি এ কথা বলেন।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চলমান পরমাণু আলোচনা প্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে আয়াতুল্লাহ মোভাহহেদি কেরমানি আরো বলেছেন, জাতীয় স্বার্থ অক্ষুন্ন রাখতে প্রতিপক্ষের ছলচাতুরির বিষয়ে আলোচক দলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সংলাপের সময় ইসলামি মূল্যবোধ ও মর্যাদাকে অগ্রাধিকার দিতে হবে। জুমার নামাজের খতিব বলেন, শত্রুর হাসিতে প্রতারিত হবেন না।
গত নভেম্বরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরান একটি অন্তর্বর্তী চুক্তি সই করে। চুক্তি বাস্তবায়নের উপায় নিয়ে গতকালও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে।