আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার হিউম্যান রাইট্স ওয়াচ ঘোষণা করেছে যে, সিরিয়ার সরকার বিরোধী সালাফি গ্রুপ ‘দ্যা ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্ট’ (দায়েশ) এবং সিরিয়ায় যুদ্ধরত অন্যান্য সন্ত্রাসী গ্রুপের মধ্যকার সংঘর্ষ ও বিভিন্ন বিস্ফোরণে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৪ শত ব্যক্তি নিহত হয়েছে। এ সংঘর্ষ ২০ দিন পূর্বে আলেপ্পো, ইদলিব, রাক্কা ও দেইর এয-যুর ও হোমস অঞ্চল থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।
সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ আরো জানিয়েছে : দায়েশ সদস্যরা এ পর্যন্ত প্রতিপক্ষের ৭৬০ জনকে হত্যা করেছে।
সংবাদ বিষয়ক এ ওয়েব সাইটটি লিখেছে : এ পর্যন্ত দায়েশে’র ৪২৬ জন সদস্য নিহত হয়েছে। বর্তমানে সিরিয়ার শত শত বেসামরিক লোক ও বিভিন্ন গ্রুপের যোদ্ধা সিরিয়ার সরকার বিরোধী এ দু’টি দলের হাতে বন্দী রয়েছে। তবে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
বলাবাহুল্য, এ সকল গ্রুপের সংঘর্ষে ১৯০ জন বেসামরিক লোকও নিহত হয়েছে। এদের মধ্যে আলেপ্পোর একটি হাসপাতালে ২১ জনকে হত্যা করেছে দায়েশ।
সরকার বিরোধী এ দু’টি দল বর্তমানে পরস্পরকে তাদের সৈন্যদের উপর হামলার অভিযোগে অভিযুক্ত করছে। ফ্রি সিরিয়ান আর্মি এবং এর মিত্ররা বলছে দায়েশ হচ্ছে সন্ত্রাসী দল। আর এর সদস্যরা রক্তপিপাসু, এ কারণে সিরিয়াতে তাদের কোন স্থান নেই। অপর দিকে দায়েশ নিজেকে সিরীয়দের জীবন রক্ষাকারী বলে পরিচয় দিচ্ছে এবং সিরিয়াতে অবস্থানের বিষয়ে তারা দৃঢ় সংকল্পবদ্ধ।
উল্লেখ্য, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং জেনেভা-২ সম্মেলনে অংশগ্রহণকারী সিরিয়ার প্রতিনিধি দলের প্রধান ওয়ালিদ মুয়াল্লেম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন : সিরিয়ায় দু’ ধরনের -উগ্র ও মধ্যপন্থী- সরকার বিরোধী গ্রুপ রয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে তা মিথ্যা। বরং সিরিয়াতে তত্পর সকল গ্রুপই হচ্ছে সন্ত্রাসী। তারা সাধারণ মানুষের শিরোচ্ছেদ করে এবং কিছু কিছু দেশের পক্ষ হতে সহযোগিতা পাচ্ছে।