২৪ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
রাশিয়া-ফিলিস্তিন ১০০ কোটি ডলারের গ্যাস-চুক্তি

রাশিয়া সফরে আসা ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গাজার উপকূলীয় অঞ্চল থেকে গ্যাস উত্তোলনের জন্য রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করবেন।

বার্তা সংস্থা আবনা : রাশিয়া সফরে আসা ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গাজার উপকূলীয় অঞ্চল থেকে গ্যাস উত্তোলনের জন্য রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করবেন। 

রুশ প্রধানমন্ত্রী  দিমিত্রি মেদভেদেভ ও আব্বাস প্রস্তাবিত এই চুক্তি স্বাক্ষর করবেন বলে কথা রয়েছে।

রুশ গ্যাস কোম্পানি গ্যাজপ্রোম গাজা থেকে তিন কোটি ঘন মিটার গ্যাস উত্তোলন করতে পারবে বলে আশা করছে।

সোভিয়েত শাসনামলে মস্কো ছিল ফিলিস্তিনিদের ঘনিষ্ঠ মিত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পূর্ব জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন।

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে আব্বাস রাশিয়াকে একটি বড় শক্তি হিসেবে উল্লেখ করে বলেছেন, মস্কো অশান্ত মধ্যপ্রাচ্যে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যোগ্যতা রাখে।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস আজ (শুক্রবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।