আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লেবানন সেনাবাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত পলাতক ব্যক্তিদের তত্পরতার ওপর দৃষ্টিতে রাখতে এবং গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের পাশাপাশি ফিলিস্তিনী বংশোদ্ভূত ইব্রাহিম আব্দুল মু’তি আবু মুয়াইলাক উরফে ‘আবু জাফরে’র তত্পরতার বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলাতক সন্ত্রাসীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গতকাল বিকেলে আল-বুকা অঞ্চলে অস্থায়ী চেকপোষ্ট বসায় সেনাবাহিনী।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে যে, আবু মুয়াইলাক গাড়ীতে করে ঐ এলাকা দিয়ে অতিক্রম করার সময় চেকপোষ্টে থাকা সৈন্যদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার গুলিতে একজন সৈন্য আহত হয়। এ সময় সৈন্যরা জবাবে পাল্টা গুলি চালালে সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। অবশ্য তার সাথে থাকা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ প্রতিবেদনের ভিত্তিতে আবু মুয়াইলাক, আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেডের সাথে সম্পৃক্ত এবং ‘দ্যা ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্যা লেভ্যান্ট’ (আইএসআইএল)-এর সাথেও তার সম্পর্ক রয়েছে। লেবাননে আত্মঘাতী ব্যক্তি প্রেরণ এবং বিভিন্ন সন্ত্রাসী অভিযানের পরিকল্পনায় সে আল-কালামুন অঞ্চলের দায়েশ প্রধানের সহযোগী হিসেবে দায়িত্বরত ছিল।