বার্তা সংস্থা আবনা : ইরান যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় কোনো সৈন্য পাঠায়নি বলে আবারো দৃঢ়ভাবে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সুইস পত্রিকা নিউই জুরশেরকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, “সিরিয়ায় ইরানের কোনো সৈন্য নেই, তবে উপদেষ্টা আছে। সেখানে যুদ্ধরত পক্ষগুলোতে আমাদের কোনো সেনা উপস্থিতি নেই।”
সাক্ষাতকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। দেশটিতে সংঘর্ষরত সব পক্ষের উচিত যুদ্ধ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়া।
ড. জারিফ বলেন, “প্রথমে যুদ্ধ বন্ধ এবং এরপর মানবিক পরিস্থিতির উন্নতির জন্য সবার চেষ্টা করা উচিত। এটি করা হলে একটি রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হবে। এর অন্যথায় সিরিয়ার যুদ্ধ বছরের পর বছর চলতেই থাকবে।”
এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সম্প্রতি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ চলতি বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তার বিজয়ের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “তিনি যে ৯০% ভোট পাবেন না তা বলাই বাহুল্য, তবে ৫০-৬০% ভোট যে তিনি পাবেন তা নিশ্চিতভাবে বলা যায়। এ ব্যাপারে আমরা একটি জরিপ চালিয়েছি।”