৩১ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
ওবামার জবাবে জারিফ: অলীক কল্পনা ঝেড়ে ফেলুন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে অলীক কল্পনা ঝেড়ে ফেলতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে অলীক কল্পনা ঝেড়ে ফেলতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন, ইরানের ওপর অবরোধ আরোপের ফলে তেহরান আলোচনার টেবিলে এসেছে এমন ঘোর থেকেও তাদেরকে মুক্ত হতে হবে।

জার্মানির মিউনিখ থেকে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, এসব অলীক কথাবার্তা প্রধানত আমেরিকা ছড়াচ্ছে এবং এ কারণে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বাধাগ্রস্ত হতে পারে।

জাওয়াদ জারিফ বলেন, “আমেরিকা প্রথম থেকেই মনে করেছিল ইরানকে তারা পরমাণু কর্মসূচি থেকে বিচ্যুত করতে পারবে আর তাদের এই ভাবনাই আমাদেরকে এ পর্যায়ে নিয়ে এসেছে। যে কারণে গত আট বছরে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পশ্চিমা সরকারগুলোকে এ বাস্তবতা মেনে নিতে হবে যে, ইরান দেখাতে চাই তার পরমাণু কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক সমাজের উদ্বেগ নিরসন করার জন্যই আলোচনার টেবিলে এসেছে তেহরান। 

তিনি বলেন, ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্কের একটা নতুন ধরন তৈরি হবে যদি তারা একটি চুক্তিতে পৌঁছানোর মন নিয়ে আলোচনার টেবিলে আসে।

এর আগে, গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে তেহরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছে। ওবামার এ মন্তব্যের জবাবে জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন।