আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ বাকের মুওয়াহহেদ আবতাহী’র জানাযা গতকাল দুপুরে কোম শহরের ইনকিলাব স্ট্রিটে অবস্থিত আল-ইমাম আল-মাহদী (আ.) মাদ্রাসা থেকে হযরত মাসুমা (সা. আ.) এর মাজারের দিকে আনা হয়।
তাঁর জানাযা গতকাল দুপুর ২:৩০ মিনিটে ইসলামি ইরানের কোম ও ইসফাহানসহ বিভিন্ন শহর থেকে আগত তার ভক্তগণ, মারজায়ে তাকলিদগণের প্রতিনিধিবৃন্দ এবং হাওযা ইলমিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জানাযা’র নামায আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানী’র ইমামতিতে হযরত মাসুমা (সা. আ.) এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আয়াতুল্লাহগণ বুরুজেরদী, কুহ কামরেয়ী, গুলপায়গানী, খোয়ানসারী, আরাকী, মুহাক্কেক ইয়াযদী, আল্লামা তাবাতাবায়ী ও ইমাম খোমেনী (রহ.) এর ছাত্র ছিলেন আয়াতুল্লাহ আবতাহী। তিনি আল-ইমাম আল-মাহদী (আ.) মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
আধ্যাত্মিক এ আলেমের রচিত প্রসিদ্ধ গ্রন্থাবলীর মধ্যে রয়েছে, ‘আস-সাহিফাতুর রাদ্বাভিয়া আল-জামেয়াহ’; যাতে অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর দোয়াসমূহ উল্লেখিত হয়েছে। এ গ্রন্থটি ইমাম রেজা (আ.) আন্তর্জাতিক প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ বাকের মুওয়াহহেদ আবতাহী গত শনিবার রাতে ৮৬ বছর বয়সে কোমে’র বাকিয়াতুল্লাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।