বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি সতর্ক করে বলেছেন, মুসলিম ঐক্য ও সংহতির বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে সে সম্পর্কে সজাগ থাকতে হবে।
ইয়েমেনের সংসদ স্পিকার ইয়াহিয়া আলী আল-রায়ির সঙ্গে এক বৈঠকে ড. লারিজানি এ কথা বলেন। তেহরানে অনুষ্ঠিত ইসলামি আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে ইয়াহিয়া আলী ইরান সফর করেন। গত মঙ্গলবার দু’দিনের এ সম্মেলন শুরু হয়।
ইরানের স্পিকার মুসলমানদের দুর্দশা ও সমস্যার কথা তুলে ধরে চলমান পরিস্থিতিতে মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে পরামর্শ বাড়নোর ওপর গুরুত্বারোপ করেন।
ইরান ও ইয়েমেনের মধ্যকার সম্পর্কে কথা তুলে ধরে লারিজানি বলেন, এ সম্পর্ক অতি প্রাচীন এবং পারস্পরিক স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। তিনি ইয়েমেনকে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ বলে উল্লেখ করেন।
বৈঠকে ইয়েমেনের স্পিকার ইরানকে বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ উল্লেখ করে বলেন, তেহরানে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় বৈঠকের মাধ্যমে ভ্রাতৃপ্রতীম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হবে।