বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, প্রতিবেশি ইরাকের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে কোনো সীমারেখা নেই।
তিনি বলেন, ইরান সবসময় ইরাকের সঙ্গে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারির সঙ্গে এক বৈঠকে ড. লারজানি এ কথা বলেছেন।
দু’দেশের মধ্যকার বহু পুরনো সম্পর্ক আরো উন্নত করা যায় বলেও তিনি মত প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, বাগদাদের সঙ্গে জ্বালানি, শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর জন্য তেহরান প্রস্তুত রয়েছে। এটা হলে দু’দেশের কাঠামোর মধ্যে থেকে ইরাকের অর্থনীতির বহুমুখী উন্নয়নে ইরান বড় ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতীম সম্পর্কের গুরুত্ব উল্লেখ করে বলেন, এ সম্পর্ক ইরাকের শক্তি অনেক বাড়িয়ে দিতে পারে।
এর আগে, হোশিয়ার জেবারি ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, পররাষ্ট্রমন্ত্রী মোহম্মাদ জাওয়াদ জারিফ এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে বৈঠক করেন।