আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : স্থানীয় সংবাদ সূত্র আদালতে আত্মঘাতী এ হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আত্মঘাতী দুই ব্যক্তি ইসলামাবাদের আদালত প্রাঙ্গনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানোর পর তাদের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এ হামলায় অন্তত ১১ ব্যক্তি নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ঐ আদালতের বিচারকও রয়েছেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ প্রধান গতকাল সোমবার সংবাদিকদের উদ্দেশ্যে বলেন : আত্মঘাতী ২ ব্যক্তি ইসলামাবাদের আদালতে ঐ হামলা চালায় এবং এতে ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছে।
সিকান্দার হায়াত খান জানান : হামলাকারীরা প্রথমে বিচারক ও আইনজীবিদের অফিসকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে এবং গ্রেনেড নিক্ষেপ করে। অতঃপর তাদের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে ঐ আদালতের প্রধান বিচারকসহ ১১ ব্যক্তি প্রাণ হারায় এবং আহত হয় ৩৫ জন।
ইসলামাবাদের ঐ আদালতের প্রধান বিচারক ‘রেফাকাত আওয়ান’ এবং একজন সিনিয়র আইনজীবিও এ হামলায় নিহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মাদ নাওয়াজ শরিফ, প্রেসিডেন্ট মামনুন হুসাইন, পররাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, প্রধান বিচারপতি তাসাদ্দুক হুসাইন জিলানীসহ পাকিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এ হামলার নিন্দা জানিয়েছেন।




