আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের আল-উইফাক সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে স্বৈরাচারী সরকারের আপদমস্তক অস্ত্রে সজ্জিত সৈন্যদের হামলা ও হুমকির সম্মুখীন রাজধানী মানামার পশ্চিমে অবস্থিত সানাবিস গ্রামটির অবস্থা অত্যন্ত শোচণীয়।
আল-উইফাক সোসাইটি ঐ গ্রামের পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেছে, সাধারণ জনগণের বাড়ীতে স্বৈরাচারী সৈন্যদের হামলা, সড়কগুলোতে সেনাবাহিনী’র সাঁজোয়া যানের প্রতিনিয়ত আনাগোনা, স্বল্প উচ্চতা দিয়ে হেলিকপ্টারের উড্ডয়ন, জানালার কাঁচ ও বাড়ীর দরজা ভাঙ্গার শব্দে সন্ত্রস্ত সানাবিস গ্রামের নিরীহ মানুষেরা।
আল-উইফাক আরো জানিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার বিষয়ক সংস্থাসমূহের কর্তব্য হচ্ছে স্বৈরাচারী সরকারি সৈন্যদের নির্মম অত্যাচারের শিকার সানাবিস অঞ্চলের নিরীহ জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালানো।
বাহরাইনের নিরাপত্তা বাহিনীর সৈন্যরা গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনার জড়িত সন্দেহে ২৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঐ বিস্ফোরণে ৩ জন পুলিশ অফিসার নিহত হয়।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, গত সোমবার মানামা’র পশ্চিমে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে সামরিক বাহিনী’র ৩ সদস্য নিহত হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী ‘শেইখ রাশেদ বিন আব্দুল্লাহ আলে খলিফা’ গত বুধবার এক বিবৃতিতে মঙ্গলবারের বিস্ফোরণ সম্পর্কে বলেছেন : এ বিস্ফোরণ পূর্ব পরিকল্পিত এবং দেশের জন্য হুমকি স্বরূপ।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন : একদল সন্ত্রাসী ‘আদ-দিয়া’ অঞ্চলে সড়ক অবরোধ করে হামলা ও ভাংচুর চালানোর চেষ্টা চালালে পুলিশ তাদেরকে বাধা দেয়।