আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট’ (আইএসআইএল) জানিয়েছে : এ গ্রুপের কোষাধ্যক্ষ আবু বাকার হালাবি সিরিয়ার উত্তরাঞ্চলীয় আর-রাক্কাহ এলাকায় নিহত হয়েছেন।
আইএসআইএল’র নিজস্ব ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল জানিয়েছে যে, সিরীয় সেনবাহিনী গত রোববার এ দলের কোষাধ্যক্ষ ‘আবু বাকার হালাবি’কে হত্যা করেছে। তিনি এ গ্রুপের শীর্ষস্থানীয় এক নেতাও ছিলেন। এ ওয়েব সাইটে আবু বাকার হালাবি’র লাশের ছবিও প্রকাশ করা হয়েছে।
এদিকে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা (সানা) জানিয়েছে : সরকারি সেনারা দেশের দুমা, আরাবাইন, যাকিয়া, আল-মুকাইলা, ডেইর খাইবা, হোমস উপকণ্ঠ, যাররাহ (তাল্লা কালাখের অন্তর্ভুক্ত), আলেপ্পো, ইদলিবসহ অন্যান্য অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করেছে।
সানা আরো জানিয়েছে : সিরীয় বাহিনী এ সকল অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসীদের হত্যা বা আহত করতে সক্ষম হয়েছে। পাশাপাশি এ অভিযানে সন্ত্রাসীদের কয়েকটি গোপন ঘাঁটিও ধ্বংস হয়েছে।