১৮ এপ্রিল ২০১৪ - ০৬:২০
ইন্দোনেশিয়ার জাতীয় সংসদ নির্বাচনে শিয়া প্রার্থীর জয়

ইন্দোনেশিয়ার আহলে বাইত (আ.) সোসাইটির (IJABI) প্রধান ‘প্রফেসর জালালুদ্দীন রাহমাত’ এদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বাঙ্গদুঙ্গ ও পশ্চিম বাংদুঙ্গ অঞ্চলের ২নং আসন থেকে বিজয়ী হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ইন্দোনেশিয়ান শিয়াদের মাঝে জনপ্রিয় এ ব্যক্তিত্ব বিজয়ী হয়েছেন।
ইন্দোনেশিয়ার আহলে বাইত (আ.) সোসাইটির (IJABI) প্রধান ‘প্রফেসর জালালুদ্দীন রাহমাত’ এদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বাংদুঙ্গ ও পশ্চিম বাংদুঙ্গ অঞ্চলের ২নং আসন থেকে জয় লাভ করেন।
ইন্দোনেশিয়ার ইলমি ও ধর্মীয় অঙ্গনে তত্পর বিশিষ্ট ব্যক্তিত্ব জালালুদ্দীন রাহমাত এর পূর্বে রাজনীতির সাথে জড়িত ছিলেন না। কিন্তু ইন্দোনেশিয়ার সংখ্যালঘু সম্প্রদায়গুলোর বিশেষতঃ সাম্পাঙ্গ অঞ্চলের নির্যাতিত শিয়াদের –যারা বেশ কয়েক বছর ধরে ঘর ছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে মানবেতর অবস্থায় জীবন-যাপন করছে- অধিকার রক্ষার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
ইন্দোনেশিয়ার জাতীয় সংসদ নির্বাচন গত ৯ই এপ্রিল ২০১৪ এ দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুওয়া থেকে শরু হয়। বিভিন্ন অফিসিয়াল ও আবহাওয়াগত সমস্যার কারণে ২৫ কোটি জনসংখ্যার এ দেশের ভোট গ্রহণ কার্যক্রম আগামী কয়েকদিন যাবতও অব্যাহত থাকবে।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জানা গেছে প্রত্যাশার বাইরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ‘সুসিলো বাম্বাঙ্গ ইয়োধোইয়োনো’র নেতৃত্বাধীন ডেমোক্রাটিক পার্টির জনপ্রিয়তা ব্যপকভাবে হ্রাস পেয়েছে। ১৯৯৮ সালের পর থেকে প্রথমবারের মত এ পার্টি এমন বিপর্যয়ের সম্মুখীন হল।
ইন্দোনেশিয়ার জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী ৭ থেকে ৯ই জুনের মধ্যে ঘোষণা করা হবে।

কে এই জালাল উদ্দীন রাহমাত?
ইন্দোনেশিয়ার বিশিষ্ট চিন্তাবিদ প্রফেসর জালালুদ্দীন রাহমাত (Jalaluddin Rahmat) ‘যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়’, অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল স্ট্যাডিজ ও ইন্দোনেশিয়ার মাকাসার ইসলামি বিশ্ববিদ্যালয় পড়াশুনা করেছেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পলিটিক্স এ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশান্স বিভাগে এবং ইন্দোনেশিয়ায় উলুমে হাদীস বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি ইন্দোনেশিয়ার আহলে বাইত (আ.) সোসাইটি তথা Ikatan jamaah Ahlulbayt Indonesia (IJABI) এর প্রতিষ্ঠাতা। যা ইন্দোনেশিয়ায় শিয়াদের সর্ববৃহত সংস্থা হিসেবে বিবেচিত।
নির্বাচনী প্রচারণার সময় ইন্দোনেশিয়ার উগ্র তাকফিরীরা জালালুদ্দীন রাহমাতকে কাফের আখ্যায়িত করে তার নির্বাচনী প্রচারণার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করা সত্ত্বেও তিনি বিজয়ী হন।