আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেবাননের হিজবু্ল্লাহ বাহিনীর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেইখ মুস্তাফা কায়সার আমেলি। তার স্মরণে হিজবুল্লাহ এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক ‘আল-মাহদী’ (আ.) ইনস্টিটিউটের উদ্যোগে আজ শুক্রবার (৬ই জুন) এক দোয়ার অনুষ্ঠান ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
লেবানিজ গণমাধ্যম জানিয়েছে যে, এ অনুষ্ঠান আজ স্থানীয় সময় বিকেল ৬টায় শহীদ মুহাম্মাদ বাকের সাদর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ্ এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লেবাননের হিজবুল্লাহ বাহিনী’র কেন্দ্রীয় পরিষদের সদস্য আল্লামা শেইখ মুস্তাফা কায়সার দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫৩ সালে ইরাকের নাজাফে আশরাফ শহরে জন্মগ্রহণকারী আল্লামা শেইখ কায়সার আমেলি ১৯৬৮ সাল থেকে নাজাফেই ধর্মীয় শিক্ষা শুরু করেন। এরপর তিনি ১৯৮২ সালে ইরানের কোম শহরে যান এবং কোমের বিশিষ্ট আলেমগণের নিকট উচ্চতর ধর্মীয় শিক্ষা চর্চা শুরু করেন। তিনি দীর্ঘ ১০ বছর যাবত হাওযা ইলমিয়ার শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন দক্ষ একজন আলেম।
প্রাথমিক হিজবুল্লাহ গঠনে আল্লামা মুস্তাফা কায়সারের ভূমিকা ছিল। ১৯৯৭ সালে তিনি হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য পদ লাভ করেন।
এছাড়া দীর্ঘ ১৬ বছর যাবত তিনি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক আল-মাহদী (আ.) ইনস্টিটিউটের প্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ৩টি গ্রন্থসহ বহু গবেষণা লব্ধ প্রবন্ধ তিনি রচনা করেছেন।
উল্লেখ্য, লেবাননের সরকারি ও সামরিক কর্মকর্তাগণ, হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধ আন্দোলনের বিপুল সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে মরহুম আল্লামা মুস্তাফা কায়সারের জানাযা লেবাননের দক্ষিণাঞ্চলীয় ‘দেইর কানুনুন নাহর’ এলাকায় অনুষ্ঠিত হয়।#
৬ জুন ২০১৪ - ০৬:২০
News ID: 613950
হিজবুল্লাহ’র কেন্দ্রীয় পরিষদের প্রয়াত সদস্যের স্মরণে আয়োজিত এক দোয়ার অনুষ্ঠান ও স্মরণসভায় আজ বক্তব্য রাখতে পারেন লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ্।