৬ জুন ২০১৪ - ০৮:১৯
‘নয়াদিল্লি সফরে পুরো সন্তুষ্ট হন নি নওয়াজ শরীফ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন নি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানের ক্ষমতাসীন পিএমএল-এনের নেতৃবৃন্দের এ কথা জানিয়েছেন।

আবনা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন নি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাকিস্তানের ক্ষমতাসীন পিএমএল-এনের নেতৃবৃন্দের এ কথা জানিয়েছেন।
নওয়াজ শরীফসহ সার্কভুক্ত সব দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধানকে নজিরবিহীনভাবে এ শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।  
পিএমএল-এনের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নেতা বলেছেন, নওয়াজ-মোদি বৈঠকের পর কোনো যৌথ সংবাদ সম্মেলন না হওয়ায় ইসলামাবাদকে গুরুত্ব দেয়া হয় নি বলে ধারণা সৃষ্টি হয়েছে। এ ছাড়া, যৌথ বিবৃতি প্রকাশ করা হবে বলে নয়াদিল্লি সফরকারি পাক প্রতিনিধিদল যে ধারণা করেছিল তাও বাস্তবায়িত হয় নি।
এর পরিবর্তে নয়াদিল্লি যে একক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছে তাতে ইসলামাবাদের ভূমিকা তুলে ধরা হয় নি। এতে নয়াদিল্লিতে শরীফের উপস্থিতি দায়সারাভাবে উল্লেখ করা হলেও এ উপস্থিতির গুরুত্ব তুলে ধরা হয় নি বলে পিএমএল-এনের ওই প্রবীণ নেতা মনে করেন। আর এ প্রেক্ষাপটে নয়াদিল্লিতে শরীফ নিজেই এক সংবাদ সম্মেলন করতে বাধ্য হন। এ সফরের মাধ্যমে যে সফলতা অর্জিত হয়েছে তা যাতে বিনষ্ট না হয় সেজন্য এ সংবাদ সম্মেলনে সতর্কভাবে লিখিত বিবৃতি পড়ে শোনান নওয়াজ।
পিএমএল-এনের ওই নেতা আরো বলেন, নওয়াজের এ সফরের সময় দু’দেশের মধ্যে গোপন কূটনীতিক চ্যানেল স্থাপন করতে সম্মত হয়েছে নয়াদিল্লি। এর মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া সম্ভব হবে বলে পাক সরকার আশা করছে।#IRIB