৮ জুন ২০১৪ - ০৮:০০
বাগদাদে বোম বিস্ফোরণ ; ২৪ জন নিহত

ইরাকের নিরাপত্তা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বাগদাদের বিভিন্ন অঞ্চলে বোমা বিস্ফোরণে অন্তত ২৪ ব্যক্তি প্রাণ হারিয়েছে। অধিকাংশ বোমাগুলো শিয়া এলাকায় বিস্ফোরিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা : বাগদাদ থেকে ফরাসি বার্তা সংস্থা (এএফপি) জানিয়েছে, বাগদাদে ৬টি গাড়ী বোমা ও রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে ৮০ জনেরও অধিক ব্যক্তি আহত হয়েছে।
ইরাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে যখন উত্তর মসুল শহরে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ চলছে ঠিক তখনই এ সিরিজ বোমা বিস্ফোরণ ঘটানো হল। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে ৫৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে বাগদাদের পশ্চিমে রামাদি শহরে সন্ত্রাসীরা একটি বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা ও কর্মচারীদেরকে আটকে রেখেছে। তাদেরকে মুক্ত করতে ইতিমধ্যে বিশেষ টিম প্রেরণের সংবাদও পাওয়া গেছে।
উল্লেখ্য, জাতিসংঘ ও ইরাক সরকারের পৃথক পৃথক পরিসংখ্যানের ভিত্তিতে গত মাসে ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ৯ শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। এছাড়া ফরাসি বার্তা সংস্থার এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের শুরু থেকে এ নাগাদ ইরাকে নিহত হয়েছে ৪ হাজার ৩ শত ব্যক্তি।# এএফপি, ইরনা