২৬ জুন ২০১৪ - ১৫:৪৬
ইমাম মাহদী’র আবির্ভাবের বিষয়ে যশোরে সেমিনার

ইমাম মাহদী (আলাইহিস সালাম)-এর আবির্ভাব ও আগমনকে কেন্দ্র করে ‘সোনালী ঊষার সন্ধানে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে যশোরে। যশোর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ সাইয়েদ ইব্রাহিম খলিল রাজাভি। তিনি মূলতঃ তিনটি বিষয়ে আলোচনা করেন; ১. আহলে কিতাব ও অন্যান্য মাযহাবের নিকট মুক্তিদাতা ২. কোরআন ও সুন্নাতের দৃষ্টিতে ইমাম মাহদী’র (আ.) বিদ্যমান অবস্থা ৩. আহলে বাইতের (আ.) দৃষ্টিতে প্রতীক্ষার দর্শন ও ন্যায় শাসন প্রতিষ্ঠা। এই তিনটি মৌলিক বিষয়ের উপর আলোচনা রেখে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন।
অপর বক্তাদের মধ্যে আলোচনা করেন ‘পাক্ষিক ফজর’ পত্রিকার প্রকাশক মোঃ ইকবাল। তিনি ইমাম মাহদী (আ.)-এর মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা রাখেন। এছাড়া বক্তব্য রাখেন ইনকিলাবে মাহদী মিশনের দায়িত্বশীল সিরাজুল ইসলাম, মুড়লী ইমাম বাড়ীর পেশ ইমাম ইকবাল হোসেন। তিনি বলেন, পৃথিবীতে অবশ্যই একজন পথ প্রদর্শকের সর্বদা বিদ্যমান থাকা প্রয়োজন, তাই তিনি নবী হন বা ইমাম।
উল্লেখ্য, যশোরের ইনকিলাব-এ-মাহদী মিশন ও খুলনার আহলে বাইত ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মল্লিক আব্দুর রউফ।