আবনা : অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে ২০ বছর লেগে যাবে।
যুদ্ধপরবর্তী ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা শেল্টার ক্লাস্টার গতকাল (শনিবার) এ তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজার ১৭,০০০ সম্পূর্ণ বাড়ি বিধ্বস্ত কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, ২০১২ সালের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আরো ৫,০০০ বাড়ি মেরামত করা প্রয়োজন হবে। শেল্টার ক্লাস্টার আরো জানিয়েছে, ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় বসবাসের জন্য ৭৫,০০০ বাড়ির ঘাটতি রয়েছে।
সংস্থাটি বলছে, প্রতিদিন গাজা উপত্যকায় বর্তমান ব্যবস্থাপনায় ১০০ ট্রাক নির্মাণ সামগ্রী নেয়া সম্ভব হবে। সে হিসাবে গাজা পুনর্গঠনের সময় ধরা হয়েছে ২০ বছর। ইসরাইল ও মিশরের অবরোধের কারণে গাজা পুনর্গঠনের কাজ বাধাগ্রস্ত হতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল অবরোধ দিয়ে রেখেছে। এতে সেখানকার মানুষের জীবনযাত্রার মান মারাত্মকভাবে নেমে গেছে। এরই ভেতর ইসরাইল টানা ৫০ দিন গাজার ওপর নির্বিচারে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ২,১৩৭ জন ফিলিস্তিনি শহীদ ও ১১,০০০ আহত হয়েছে। এছাড়া, ঘরবাড়ি ছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ।#
৩১ আগস্ট ২০১৪ - ০৭:০৭
News ID: 634651
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের নির্বিচার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে ২০ বছর লেগে যাবে।