আবনা : সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় বিমান হামলা চালানো হবে আন্তর্জাতিক আইনের চরম লংঘন।
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে রাশিয়া জানায়, জাতিসংঘের সমর্থন ছাড়া সিরিয়ায় হামলা হলে সেটি আগ্রাসন হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্দার লুকাশেভিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট সরাসরি সিরিয়া হামলার সম্ভাবনা প্রকাশ করেছেন। কিন্তু সিরিয়ার বৈধ সরকারের কোনো সম্মতি নেয়ার প্রয়োজন মনে করেননি। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এ ধরনের কোনো পদক্ষেপ অবশ্যই আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লংঘন বলে বিবেচিত হবে।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ থেকেও ওবামার বক্তব্যের সমালোচনা করা হয়েছে। বাশার সরকারের ন্যাশনাল রিকনসিলিরেশন মন্ত্রী আলী হায়দার বলেন, সিরিয়া সরকারের অনুমতি ছাড়া এখানে মার্কিন সামরিক উপস্থিতি আগ্রাসন হবে। বিবিসি।
১২ সেপ্টেম্বর ২০১৪ - ০১:২৭
News ID: 637216
সিরিয়ায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।