১৯ সেপ্টেম্বর ২০১৪ - ১৬:৫৫
কাযেমাইনে সিরিজ বিস্ফোরণে ৬৮ জন হতাহত + ছবি

আইএসআইএল সন্ত্রাসীরা পূনরায় ইরাকের কাযেমাইন শহরে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। গতরাতে ইরাকের কাযেমাইন শহরে সিরিজ বোমা হামলায় ৬৮ জন শহীদ ও আহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গতরাতে –বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর- বেশ কয়েকটি বিস্ফোরণের মাধ্যমে ইরাকের কাযেমাইন শহরের ‘আল-ইদালাহ’ কারাগার দখলের চেষ্টা চালায় আইএসআইএল সন্ত্রাসীরা।
এ প্রতিবেদনের ভিত্তিতে, আএসআইএল সন্ত্রাসীরা কারাগারে প্রবেশের লক্ষ্যে হামলার সূচনায় কারাগারের প্রধান গেইটকে লক্ষ্য করে কয়েকটি রকেট ছোঁড়ে। এরপর তারা ‘আল-জাওয়াদ’ স্কয়ারে গাড়ী বোমার বিস্ফোরণ ঘটায়। এ বিস্ফোরণে অনেক লোক হতাহত হয়েছে।

ইরাকের অফিসিয়াল বার্তা সংস্থা ‘আইন’ লিখেছে, ‘আল-আয়েম’ ব্রিজকে লক্ষ্য করেও বেশ কয়েকটি রকেট ছোঁড়ে আইএসআইএল সন্ত্রাসীরা।
ধারাবাহিক বিস্ফোরণের পর সুন্নি মুসলমানদের ওয়াকফ বিষয়ক অধিদপ্তরকে লক্ষ্য করেও ৩টি রকেট ছোঁড়ে তারা। এতে অধিদপ্তরের ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ধারাবাহিক এ বিস্ফোরণের ঘটনায় ৮ জন শহীদ এবং অপর ৬০ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।

ইরাকের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, কারাগার দখল করে নেয়ার ষড়যন্ত্র অথবা ঐ কারাগারের কয়েদিদেরকে মুক্ত করার উদ্দেশ্যে চালানো এ হামলা ব্যর্থ হয়েছে। এমনকি একজন কয়েদীও কারাগার থেকে পালাতে সক্ষম হয়নি এবং কয়েদী পালানোর বিষয়ে প্রচারিত সকল সংবাদই মিথ্যা।
বলাবাহুল্য, ইরাকের কাযেমাইন শহরের শতকরা ৯০ ভাগ লোকই শিয়া মাযহাবের অনুসারী।#