২৫ সেপ্টেম্বর ২০১৪ - ১১:১৯
আইএসআইএলের দিন শেষ হয়ে এসেছে: ইরানি জেনারেল

ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের দিন শেষ হয়ে এসেছে।

আবনা : ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের দিন শেষ হয়ে এসেছে। ইরাকের ধর্মীয় নেতারা এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি যে আহ্বান জানিয়েছেন তার ফলে আইএসআইএলের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়ে গেছে বলে তিনি জানান।
ইরানের সেনাবাহিনীর পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান আজ তেহরানে বলেছেন, “ইরাকের ধর্মীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনীর পাশাপাশি গণবাহিনী কার্যকর ভূমিকা পালন করায় নিজেদের দখলীকৃত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে আইএসআইএল সন্ত্রাসীরা এবং তাদের দিন ফুরিয়ে আসছে।”
জেনারেল পুরদাস্তান ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা সিস্তানির একটি ফতোয়ার প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেছেন। আয়াতুল্লাহ সিস্তানি গত জুনে দেয়া ওই ফতোয়ায় আইএসআইএল সন্ত্রাসীদের পরাজিত করার কাজে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
জেনারেল পুরদাস্তান তেহরানের এক সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে আরো বলেছেন, সম্প্রতি আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠী ইরান-ইরাক সীমান্তের কাছে ‘জালাওলা’ শহরে অনুপ্রবেশ করেছিল। কিন্তু ‘কিছু সময়ের মধ্যে’ তাদেরকে শহরটি থেকে বের করে দেয়া হয়। ইরানের সেনাবাহিনী নিজের সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুত এবং ইরান সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করবে না বলেও জানান তিনি।
গত জুন মাসের গোড়ার দিকে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে ব্যাপক নৃশংসতা চালিয়েছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। শিয়া, সুন্নি, কুর্দি, খ্রিস্টান ও ইযাদি নির্বিশেষ সব সম্প্রদায়ের মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে এ সন্ত্রাসীরা।#