২৬ সেপ্টেম্বর ২০১৪ - ০৫:৩৩
জাতিসংঘে ভাষণ দিলেন ইরানের প্রেসিডেন্ট ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলেছে।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ পুরো বিশ্বকে হুমকির মুখে ফেলেছে। বিদেশি সন্ত্রাসীদের উগ্রবাদী পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরানের প্রতিবেশি দেশগুলো মারাত্মকভাবে এ সমস্যার মধ্যে রয়েছে।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন। তিনি বলেন, কয়েকটি দেশের সমর্থনে উগ্রবাদ এখন আন্তর্জাতিক প্রবণতায় পরিণত হয়েছে অথচ তারা এখন আর এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হচ্ছে না। এই অপশক্তি সৃষ্টিতে যেসব দেশ ভূমিকা রেখেছে তাদেরকে ভবিষ্যত প্রজন্মের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে।
ড.রুহানি বলেন, পশ্চিমা কয়েকটি দেশের ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং ককেশাস অঞ্চল সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, সব ঐশী ধর্ম সহিংসতা-বিরোধী হলেও এখন সন্ত্রাসীরা ধর্মের নামে সহিংসতা চালাচ্ছে এবং সাধারণ মানুষের গলা কেটে হত্যা করছে। যদি সত্যিই কোনো দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাহলে অবশ্যই আঞ্চলিক দেশগুলোকে সহায়তা করতে হবে। তিনি আঞ্চলিক দেশগুলোকে বলেন, তারা সবাই একই নৌকার যাত্রী এবং আঞ্চলিক যেকোনো ইস্যুতে সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন।
ইরানের পরমাণু ইস্যু নিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, একমাত্র আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে; কেউ যদি মনে করে অন্য উপায়ে এর সমাধান করবে তাহলে তা হবে ভয়াবহ ভুল। তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যুতে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর বিষয়ে পশ্চিমাদের সামনে এখন বিরাট সুযোগ রয়েছে এবং এর মাধ্যমে প্রমাণিত হবে তারা বিশ্বের উন্নয়ন চায় কিনা। তিনি আরো বলেন, চূড়ান্ত চুক্তি সারা বিশ্বের জন্য শান্তি বার্তা বহন করবে।#