আবনা : পাক-ভারত সীমান্তে আজ(মঙ্গলবার)ও নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত এক জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। গতকাল নির্বিচারে গুলিবিনিময়ের ঘটনায় দু’দেশের অন্তত ৯ জন নিহত হয়েছিল।
চেনাব রেঞ্জার্সের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএফএফের গুলিবর্ষণে পাকিস্তান সীমান্তের ভেতরে একজন নিহত ও নয়জন আহত হয়েছে। ‘বিনা উস্কানি’তে গুলি চালানো হয়েছে দাবি করে তিনি বলেন, শিয়ালকোট সীমান্তের কাছে এ গুলিবর্ষণের সময়ে ভারতীয় বাহিনী ভারি অস্ত্র ব্যবহার করেছে।
এদিকে, পাকিস্তান বাহিনী বিনা উস্কানিতে কাশ্মির সীমান্তের কাছে ভারতীয় ৪০টি চৌকি এবং ২৫টি গ্রামে মর্টার হামলা করেছে বলে ভারতীয় পক্ষ থেকে দাবি করা হয়েছে। অবশ্য বিএসএফ এসব হামলার ‘যথাযথ’ জবাব দিয়েছে বলে আজ জানিয়েছেন বিএসএফের মুখপাত্র বিনোদ যাদব।
তিনি জানান, কানাচক এবং পারগওয়াল এলাকার ভারতীয় প্রায় সব সীমান্ত চৌকিতে হামলা করেছে পাকিস্তান রেঞ্জার্স। কিন্তু এ সব হামলায় বিএসএফের কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে জানান তিনি।
এ দিকে, উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স বা ডিজিএমও’র আজ বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।#
৭ অক্টোবর ২০১৪ - ১২:২২
News ID: 642781
পাক-ভারত সীমান্তে আজ(মঙ্গলবার)ও নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় অন্তত এক জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।