১২ অক্টোবর ২০১৪ - ০১:৩৩
‘অনুরোধ পেলে কুবানি রক্ষায় এগিয়ে যাবে ইরান’

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাতে সিরিয়ার কুবানি শহরের পতন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইরান।

আবনা : উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাতে সিরিয়ার কুবানি শহরের পতন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইরান। দামেস্ক আনুষ্ঠানিক আবেদন জানালেই শহরটিতে মানবিক বিপর্যয় রোধ করতে পদক্ষেপ নেবে তেহরান। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম।
তিনি বুধবার তেহরানে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “কুবানি হচ্ছে স্বাধীন ও সার্বভৌম দেশ সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। যদি দেশটির সরকার সাহায্যের আবেদন করে তাহলে আমরা তা দিতে প্রস্তুত রয়েছি।” এ ছাড়া, সিরিয়ার অনুরোধ ছাড়াই ইরান শিগগিরই কুবানির অসহায় নাগরিকদের জন্য ওষুধসহ অন্যান্য মানবিক ত্রাণ পাঠাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত শহর কুবানির কোনো কোনো অংশ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ঢুকে পড়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানালেন। তবে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, শহরটিতে কুর্দি যোদ্ধাদের সঙ্গে হাতাহাতি সংঘর্ষে পেরে উঠছে না তাকফিরি সন্ত্রাসীরা।
সিরিয়া এখন পর্যন্ত আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ইরানের সাহায্য চায়নি উল্লেখ করে আফখাম বলেন, “আমরা সব সময় বলে এসেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে প্রতিটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন-কানুন সতর্কতার সঙ্গে মেনে চলতে হবে।”
গত প্রায় একমাস ধরে কুবানি অবরোধ করে রেখেছিল উগ্র সন্ত্রাসীরা। এ সময়ে বিক্ষিপ্ত সংঘর্ষে ২২০ আইএসআইএল সন্ত্রাসী, ১৭০ জন কুর্দি যোদ্ধা ও ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ব্রিটেন-ভিত্তিক সিরিয়ার একটি সরকার বিরোধী গোষ্ঠী জানিয়েছে। শহরটি ছেড়ে পালিয়ে গেছে অন্তত দুই লাখ মানুষ।#