১৬ অক্টোবর ২০১৪ - ১১:৩২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার ত্রাণ-সামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আবনা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবার ত্রাণ-সামগ্রী পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের পর সেখানকার জনগণের দুর্দশা দূর করতে ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি এ ত্রাণ-সামগ্রী পাঠালো।
রাজধানী তেহরানে বুধবার এক সংবাদ সম্মেলনে ইরানের রেডক্রিসেন্টের উপ প্রধান শাহাবুদ্দিন মোহাম্মাদি আরাকি জানান, তারা এবার ৮,৯০,০০০ ডলার মূল্যের তাবু, কম্বল, খাদ্য এবং ওষুধ সামগ্রীর চালান পাঠিয়েছেন।
তিনি জানান, “গাজার জনগণের দুর্দশা দূর করার জন্য আমরা প্রথম পর্যায়ে লোকজনের কাছ থেকে ৩৬ লাখ ডলার সংগ্রহ করেছি এবং তারপর কায়রোভিত্তিক মিশর ও ফিলিস্তিনের রেডক্রিসেন্ট সোসাইটির কাছে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। সবাই মিলে সেখানকার পরিস্থিতি মূল্যায়ন করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
এবার ৫০ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজার অন্তত ২,২০০ ঘর-বাড়ি ও ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া, ১৫,৬০০ ভবন আংশিক কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।#