আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ১৮ই জিলহজ্জ্ব হযরত আলী (আ.) এর অভিষেক বার্ষিকীকে কেন্দ্র করে ইনকিলাব-এ-মাহ্দী মিশন, যশোর-এর উদ্যোগে আলী আসগার স্মৃতি সংঘ পাঠাগার, নলডাঙ্গা, আর.এন. রোড এ ঈদ-এ-গাদীর দিবস উদযাপিত হয়েছে।
জনাব মল্লিক আব্দুর রউফ সাহেবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব জয়গাম আব্বাস, মুড়লী ইমাম বাড়ীর পেশ ইমাম মোঃ ইকবাল হুসাইন, মাওলানা সৈয়দ হাবীব রেজা হুসাইনী ও ইনকিলাবে মাহ্দী মিশনের পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। সভার কার্যক্রম পরিচালনা করেন সাহিদুল ইসলাম বাবু।
অনুষ্ঠানের প্রথম পর্ব দোয়ায়ে নুদবা পাঠের মাধ্যমে শেষ হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশিত হয়।
হযরত মুহাম্মদ (স.) বিদায় হজ্জ্ব থেকে ফেরার পথে গাদীরে খুম নামক স্থানে মহান আল্লাহর আদেশে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এবং তাঁর পরবর্তী স্থলাভিষিক্ত ও নেতৃত্বের দায়িত্ব কে পরিচালনা করবেন তা গাদীরে খুমের ঐতিহাসিক ভাষণে পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে । শেষ নবী (স.) পর কিয়ামত পর্যন্ত ইমামতের সাথে নবুওতের সংযোগ এবং মুসলিম উম্মাহর নেতৃত্বের দায়িত্বভার রাসূল পাক (স.) তাঁর আহলে বাইতের প্রথম ইমাম হযরত আলী (আ.) এর উপর ন্যাস্ত করেন। আর নেতৃত্বের এই মহান দায়িত্বভার অর্পনের মধ্যে দিয়েই মহান আল্লাহ দ্বীন ইসলামের পূর্ণতা দান করলেন এবং এই দ্বীনের উপর তিনি সন্তুষ্ট ও খুশি হলেন।
গাদির দিবসকে যারা উপেক্ষা করেছে এবং যারা একে অস্বীকার করেছে তাদের কারণে মুসলিম জাতির মাঝে বহুজাতিক দলের সৃষ্টি হয়েছে। এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে হত্যা করছে। আর তাদের কারণেই বিশ্বে মুসলিম জাতি একটি সন্ত্রাসী জাতি হিসেবে পরিচিতি লাভ করছে। মুসলিম উম্মাহ’র সামনে এখনো সুযোগ রয়েছে, যদি তারা চায় ঐক্যবদ্ধভাবে মুসলিম জাতিকে মানবতার উচ্চ শিখরে স্থান দিতে তাহলে অবশ্যই মানবতার মুক্তির দূত এবং শেষ জামানার অবিভাবক ইমাম মাহ্দী (আ.)-এর পরিচিতি লাভে সোচ্চার হতে হবে। যিনি হলেন হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র আহলে বাইত (আ.) এর ইমামতের ধারার ১২তম ইমাম। যার নাম বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের কিতাবে ভিন্ন ভিন্নভাবে উল্লেখ আছে।
বর্তমানে তাঁর অন্তর্ধানের সময়ে আমাদের উচিত তাঁর মারেফাত অর্জন করা এবং তাঁর আগমনের অপেক্ষায় থাকা।
আলোচনা সভায় বক্তাগণের বক্তব্যে উপরোক্ত বিষয়াদি ফুটে উঠেছে।#
