২৫ নভেম্বর ২০১৪ - ০৫:৩২
চাপের কাছে ইরান নতিস্বীকার করবে না: রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণ নিষেধাজ্ঞা ও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণ নিষেধাজ্ঞা ও কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এছাড়া, যেকোনো চুক্তিই হোক না কেন ইরান তার পরমাণু স্থাপনা চালু রাখবে।
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু আলোচনার মেয়াদ আরো সাত মাসের জন্য বাড়ানোর পর সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। প্রেসিডেন্ট রুহানির ওই সাক্ষাৎকার ইরানি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
ড. রুহানি বলেন, আলোচনার বিপরীত পক্ষ এটা বুঝে গেছে যে, চাপ ও নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো তার পরমাণু অধিকার ছাড়বে না। এছাড়া, দেশের পরমাণু স্থাপনাগুলো অবশ্যই চালু থাকবে এবং ইরান কখনো তার সেন্ট্রিফিউজও বন্ধ করবে না।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান দুটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে আলোচনা করছে আর তা হলো- পরমাণু কর্মসূচি অব্যাহত রাখা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। এ প্রেক্ষাপটে তিনি বলেন, এ মূহুর্তে বিশ্বের কারো কোনো সন্দেহ নেই যে, ইরানের কাছে অবশ্যই পরমাণু প্রযুক্তি রয়েছে এবং ইরানের অভ্যন্তরেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে। এর পাশাপাশি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এ নিয়েও কারো কোনো সন্দেহ নেই। তিনি আশা করেন, পরমাণু ইস্যুতে ইরানের জনগণই চুড়ান্তভাবে বিজয়ী হবে।
চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সব পক্ষ আলোচনা চালানোর বিষয়ে একমত হয়েছে উল্লেখ করে ড. রুহানি বলেন, আলোচনার পথ ধরেই একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তি সই হবে।
ভিয়েনায় এবার ইরান ও ছয় জাতিগোষ্ঠী চুক্তি করতে ব্যর্থ হলেও আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, দু পক্ষই আলোচনাকে এগিয়ে নেয়ার ব্যবস্থা করেছে এবং পরিস্থিতি তিন বা ছয় মাস আগের মতো নেই। যুক্তিগুলো কাছাকাছি এসে গেছে এবং মতপার্থক্যও সম্ভবত কমে আসছে। দু পক্ষ সমঝোতা ও চুক্তির জন্য পদক্ষেপ নিয়েছিল কিন্তু একটি লিখিত ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সময়ের প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।#