আবনা : ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অবস্থানে বিমান হামলা চালানোর খবর কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল মাসুদ জাযায়েরি বার্তা সংস্থা ফার্স নিউজকে জানিয়েছেন, পশ্চিমা গণমাধ্যম এ সম্পর্কে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ অসত্য।
কিছু কিছু পশ্চিমা গণমাধ্যম গতকাল (মঙ্গলবার) খবর দিয়েছে, ইরানি জঙ্গি বিমান মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে ইরাকে আইএসআইএলের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। অবশ্য আজ (বুধবার) ওইসব গণমাধ্যম জানিয়েছে, আমেরিকার সঙ্গে সমন্বয় না করেই ওই হামলা চালিয়েছে ইরান।
জেনারেল মাসুদ জাযায়েরি এ সম্পর্কে বলেছেন,ইরান মনে করে- ইরাকের চলমান অস্থিতিশীলতা ও তাকফিরি সন্ত্রাসীদের মানবতা বিরোধী তৎপরতাসহ মধ্যপ্রাচ্যের সব সংকটের মূলে রয়েছে আমেরিকা। আমেরিকাসহ আঞ্চলিক কিছু দেশের সমর্থন ও ষড়যন্ত্রের কারণেই আইএসআইএল ইরাক ও সিরিয়ায় ধ্বংসলীলা চালাচ্ছে এবং মানুষ হত্যা করছে।
মার্কিন নেতৃত্বাধীন জোট বা সেনাদের সঙ্গে ইরান কোনো সহযোগিতা করছে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ আরো বলেন, ইরাকের সরকার, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনী একযোগে তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা এরইমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের এ সহযোগিতার ওপর স্বাধীন ইরাকের ভবিষ্যতের নির্ভর করছে এবং দেশটির ভবিষ্যতে নিশ্চিতভাবেই আমেরিকার কোনো ঠাঁই নেই।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম আজ বলেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইরাক সরকারকে সহায়তা যোগানোর এবং পরামর্শ দেয়ার ক্ষেত্রে ইরানের নীতির কোনো পরিবর্তন হয় নি। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে তেহরান। তবে অন্য দেশের ভেতরে ঢুকে সরাসরি সামরিক অভিযানে অংশ নেয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই।#
৪ ডিসেম্বর ২০১৪ - ০৭:৩২
News ID: 655846
ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অবস্থানে বিমান হামলা চালানোর খবর কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।