আবনা : মার্কিন রিপাবলিকান দলের নারী কংগ্রেস সদস্য মিশেলে ব্যাচম্যান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইরানে বোমা হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ওবামাকে বলেছি তিনি যেন ইরানে বোমা হামলা করেন, কিন্তু প্রেসিডেন্ট আমার কথা শুনে শুধু হেসেছেন।’
চলতি ডিসেম্বরের শেষ নাগাদ কংগ্রেসে ব্যাচমানের সদস্যপদের মেয়াদ শেষ হয়ে যাবে। তিনি বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সোমবার হোয়াইট হাউজের ক্রিসমাস পার্টিতে ওবামার সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হন। ব্যাচম্যান বলেন, “আমি তাকে বলেছি, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা হামলা চালাতে হবে। কারণ আপনি এটি না করলে আপনার চোখের সামনে ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে যা বিশ্বের ইতিহাসকে বদলে দেবে।” মার্কিন কংগ্রেস সদস্য এরপর বলেন, “আমার কথা শুনে হেসে দিয়ে ওবামা বলেন, ‘দেখুন, মিশেলে, আপনি যত সহজে বলছেন কাজটি ততটা সহজ নয়’।”
মিশেলে ব্যাচম্যান আরো বলেন, “আমি তাকে এরপর বলি, ‘না, মিস্টার প্রেসিডেন্ট, আপনি হচ্ছেন প্রেসিডেন্ট, এটি হবে আপনার চোখের সামনে এবং গোটা বিশ্বকে জবাবদিহী করতে হবে আপনাকেই’। একথা বলে আমি চলে এসেছি, মেরি ক্রিসমাস।”
মিশেলের সাক্ষাৎকার প্রকাশকারী ম্যাগাজিন 'ওয়াশিংটন ফ্রি বেকন' জানিয়েছে, ব্যাচম্যান জানতেন হোয়াইট হাউজের এই পার্টিটি হবে ওবামাকে ইরানে হামলা চালাতে রাজী করার ব্যাপারে তার সর্বশেষ সুযোগ। এ কারণে মার্কিন প্রেসিডেন্টকে সামনে পেয়ে সুযোগের অপচয় করেননি তিনি। যদিও তার পরিবারের সদস্যরা একাজে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল।
এর আগে গত সেপ্টেম্বরে মিশেলে ব্যাচম্যান প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমেরিকার ইতিহাসের ‘প্রথম ইসরাইল বিরোধী প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি মার্কিন কংগ্রেসের বহু ইসরাইলপন্থি সদস্য গত কয়েক বছর ধরে ওবামাকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর আহ্বান জানিয়ে এসেছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এসব আহ্বান উড়িয়ে দিয়েছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, সমরশক্তিতে ইরানের শক্তিশালী অবস্থানের কারণেই দেশটির সঙ্গে যুদ্ধে যেতে চান না বারাক ওবামা।#
১৪ ডিসেম্বর ২০১৪ - ০১:১১
News ID: 658052
মার্কিন রিপাবলিকান দলের নারী কংগ্রেস সদস্য মিশেলে ব্যাচম্যান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইরানে বোমা হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।