২৭ ডিসেম্বর ২০১৪ - ১৭:৩৮
ওবামাকে “জঙ্গলের বানর” বলল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া “ইন্টারভিউ” নামে আমেরিকার একটি বিতর্কিত সিনেমা মুক্তি দেয়াকে কেন্দ্র করে আজ(শনিবার) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে “বানর” বলেছে।

আবনা : উত্তর কোরিয়া “ইন্টারভিউ” নামে আমেরিকার একটি বিতর্কিত সিনেমা মুক্তি দেয়াকে কেন্দ্র করে আজ(শনিবার) মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে “বানর” বলেছে। একই সঙ্গে দেশটিতে চলতি সপ্তাহে ইন্টারনেটে বিপর্যয়ের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাল্পনিক হত্যাকাণ্ড নিয়ে তৈরি বিতর্কিত সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্তে এর আগে সন্তোষ প্রকাশ করেছেন ওবামা।
এ সিনেমা মুক্তি দেয়ার জন্য আমেরিকার বিরুদ্ধে মারাত্মক আঘাত হানা হবে এবং এ আঘাত থেকে রক্ষা পাওয়ার কোনো পথ থাকবে না বলেও আজ হুশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়ার শক্তিশালী ন্যাশনাল ডিফেন্স কমিশন বা এনডিসি।
এনডিসি’র নীতি সংক্রান্ত বিভাগের মুখপাত্র বলেন, গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের বানরের মতই ভাবনা চিন্তা না করে কাজ-কর্ম করেন ওবামা। উত্তর কোরিয়ার বারবার হুশিয়ারি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলদর্পী বিতর্কিত আচরণ অব্যাহত রাখে তবে ওয়াশিংটনের মনে রাখা উচিত যে তা হলে তাদের ওপর এমন হামলা হবে যে যা থেকে তারা পালানোর পথ পাবে না বলে জানান এ মুখপাত্র।
এ ছাড়া, ইন্টারভিউ তৈরির সঙ্গে জড়িত জাপানের ইলেকট্রনিক কোম্পানি সনিতে সাইবার হামলা চালনোর জন্য উত্তর কোরিয়াকে কোনো আলামত ছাড়াই জড়িত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অবশ্য কোনো কোনো সাইবার বিশেষজ্ঞও মনে করেন, সনির বিরুদ্ধে সাইবার হামলা চালিয়েছে ওই কোম্পানির সঙ্গে জড়িত কেউ। এ হামলায় উত্তর কোরিয়া জড়িত ছিল না।#