৪ ফেব্রুয়ারি ২০১৫ - ০১:২৩
পরমাণু আলোচনায় ফলাফল আসতে পারে: লারিজানি

তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু আলোচনায় ফলাফল আসতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।

আবনা : তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু আলোচনায় ফলাফল আসতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি। তিনি মঙ্গলবার বলেছেন, জুন মাসের শেষ পর্যন্ত যে সময়সীমা দেয়া আছে তার মধ্যে দু পক্ষ একটা সমাধানে পৌঁছাতে পারে বলে আশা করা যায়।
ড. লারিজানি বলেন, “ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনায় চড়াই-উতরাই ছিল তবে দু পক্ষ যে পথে আলোচনা এগিয়ে নিচ্ছে তাতে আমি হতাশ নই।” ড. লারিজানি নিজেই ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইরানের প্রধান পরমাণু আলোচক ছিলেন।
তিনি বলেন, ছয় জাতিগোষ্ঠীকে এ বাস্তবতা স্বীকার করতেই হবে যে, ইরানের পরমাণু কর্মসূচির মূলনীতি আলোচনার বিষয় হতে পারে না এবং সমস্যা কেবল কূটনীতির মাধ্যমেই সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, পশ্চিমা সরকারগুলো ইরানকে পরমাণু কর্মসূচির পথ খেকে বার বার সরিয়ে নিতে চেয়েছে। কিন্তু ইরান সে পথ থেকে সরে নি এবং পশ্চিমাদের সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে।#